আদালত পরিদর্শক মোহা. মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে আগামী ৩ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
৩০ বছর বয়সী হনুফা আক্তার সাথী ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে অবস্থিত ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।
এর আগে সোমবার বিকেলে তাঁকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় ভালুকা মডেল থানা-পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ২টার দিকে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও প্রকাশ করেন সাথী আক্তার। পাঁচ মিনিট ২২ সেকেন্ড এবং আট মিনিট আট সেকেন্ডের ভিডিও দুটিতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’
ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে ঘটনার বিচার দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রোববার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।
এদিকে, সাথী আক্তারের ফেসবুক লাইভে সরকারবিরোধী কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
আদালত আগামী ৩ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওই দিন পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।