মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার মাইজহাটি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি মাইজহাটি বটতলা এলাকায় পৌঁছালে এর ‘ত’ ও ‘থ’ নম্বর বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে পড়লে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেনটি থামান এবং পেছনের দিকে নিয়ে যান। পরে ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীদের প্রচেষ্টায় বেলা সোয়া ১১টার দিকে বিচ্ছিন্ন বগি দুটি পুনরায় সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করে।
রেলওয়ে থানার ওসি বলেন, এ ঘটনার কারণে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।