October 27, 2026, 9:46 pm
শিরোনাম:
শিরোনাম:
বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ জাপানের, তৈরি হতে পারে ২ লাখ কর্মসংস্থান উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাতাসের গতি ১৪০ কিমি খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, উচ্ছেদ অর্ধশতাধিক স্থাপনা এলডিসি উত্তরণের সঙ্গে তাল মিলিয়ে নাগরিক সেবার মান বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচল বন্ধ আজ রাতে ঘোষণা ব্যালন ডি’অরজয়ীর নাম, কার হাতে উঠবে ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট? ফেসবুক লাইভের ঘটনায় ভালুকায় আওয়ামীলীগ সমর্থক নারী গ্রেপ্তার নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গুরুত্ব দিবে : শিক্ষামন্ত্রী মানিক পশারীর দাফন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সোহেল রানা সরকার অনুমতি দিলে ক্রসফায়ার প্রয়োজন হলে সেটাই করব: আইজিপি

বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ জাপানের, তৈরি হতে পারে ২ লাখ কর্মসংস্থান

নিজস্ব প্রতিবেদন
সময় : Tuesday, October 27, 2026

Table of Contents

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক ট্রিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ৬ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সম্ভাব্য এ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে প্রায় দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। বিনিয়োগ পরিকল্পনা এগিয়ে নিতে দ্রুত বাংলাদেশে জাপানি প্রতিনিধিদল পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইতে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বিনিয়োগের সম্ভাবনা ও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো তুলে ধরা হয়।

বৈঠকে জাপানের সম্ভাব্য বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে তাঁর সরকার নিয়ন্ত্রক ব্যবস্থা, করনীতি, শুল্ক ছাড়করণ এবং অর্থ স্থানান্তর প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ

 

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এ চুক্তির সুফল দুই দেশের জনগণের কাছে পৌঁছে দিতে উভয় পক্ষকে একযোগে কাজ করতে হবে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে তারেক রহমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন পর্যন্ত বেসরকারি বিনিয়োগের সম্ভাবনাকে স্বাগত জানান। এ বিনিয়োগের ফলে বাংলাদেশে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার আহ্বান

 

বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি।

এ ক্ষেত্রে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো, দক্ষ বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।

এশিয়ায় জ্বালানি ও সম্পদ নিরাপত্তা জোরদারে ‘পার্টনারশিপ অন ওয়াইড এনার্জি অ্যান্ড রিসোর্সেস রেজিলিয়েন্স এশিয়া’ (POWERR Asia) উদ্যোগের আওতায় বাংলাদেশের জন্য ৫০ বিলিয়ন ইয়েনের জরুরি সহায়তা ঋণের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দেন তারেক রহমান। এ উদ্যোগের মাধ্যমে জাপানের কোম্পানি, বিশ্ববিদ্যালয় ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের তরুণ মেধা, উদ্যোক্তা এবং প্রযুক্তি খাতের দক্ষ জনশক্তির সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি।

প্রস্তাবিত টেক পার্কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ইলেকট্রনিকস উৎপাদনের মতো খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মহাকাশবিজ্ঞান, স্যাটেলাইট প্রকৌশল ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে জাপানের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন তিনি।

 

দ্রুতগতির রেল ও অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

 

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আধুনিক ও সমন্বিত যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ লক্ষ্যে দেশের ছয়টি প্রধান বিভাগীয় শহরকে যুক্ত করে দ্রুতগতির রেল নেটওয়ার্ক এবং দেশব্যাপী উড়াল সড়ক নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। এসব বৃহৎ প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন, কারিগরি সহায়তা, বিনিয়োগ ও অর্থায়নে জাপানের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

জাপানের অবকাঠামো উন্নয়ন ও আধুনিক পরিবহনব্যবস্থার দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

 

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

 

বাংলাদেশকে অর্থনৈতিক কর্মকাণ্ড, প্রযুক্তি ও উৎপাদনশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা অর্থনীতিতে পরিণত হতে পারে। আর ২০৩৪ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও শিল্পায়নের লক্ষ্য অর্জনে জাপান সরকার এবং দেশটির বেসরকারি খাতের আরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

 

ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

 

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, অবকাঠামো এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপানের বিশেষ স্থান রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর জাপান প্রথম দিকের স্বীকৃতিদানকারী দেশগুলোর একটি এবং স্বাধীনতার পর থেকে দেশটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে ভূমিকা রেখে আসছে।

দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় নিজের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুইবার জাপান সফর এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তাঁদের পদাঙ্ক অনুসরণ করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বৈঠকে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও এগিয়ে নিতে একটি মন্ত্রী পর্যায়ের যৌথ কমিশন গঠনের প্রস্তাবও দেন তারেক রহমান। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন ইউরোপীয় ফুটবল ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ রুহুল কবির রিজভী লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর