ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার সকালে ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। বুধবার বিকেলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সম্প্রতি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এতে জড়িত দুই শিক্ষক হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যার পর মারামারির ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে ঘটনাটি প্রাথমিক শিক্ষা বিভাগের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে বুধবার সকালে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ভেতরে শিক্ষকদের এ ধরনের আচরণ অসদাচরণের শামিল। পারিবারিক বিরোধ বিদ্যালয়ে নিয়ে আসা কোনোভাবেই সমীচীন নয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিধি অনুযায়ী লিখিত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয় ২০০৪ সালে। তাঁদের এক মেয়ে উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। প্রায় ১৪ বছর ধরে তাঁরা আলাদা থাকেন। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।