ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) নয়াদিল্লির কনট প্লেসে ‘লহরা দো তেরঙ্গা’ পদযাত্রায় অংশ নিতে যাওয়ার আগে অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ। কথিত ভোটার তালিকা অনিয়মের প্রতিবাদ এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি।
শনিবার সকালে তাঁকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। পরে আদালত তাঁর মুক্তির নির্দেশ দেন।
মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানান অভিজিৎ দীপকে। সেখানে তিনি বলিউড অভিনেতা শাহরুখ খানের একটি চলচ্চিত্রের দৃশ্য শেয়ার করেন। ওই দৃশ্যে দীর্ঘদিন পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর মুক্তি পাওয়া এক চরিত্রকে কাঁদতে দেখা যায়।
ছবিটির সঙ্গে নিজের অভিজ্ঞতার তুলনা করে দীপকে লেখেন, ২৪ ঘণ্টা ওয়াই-ফাই ও ফোন ছাড়া কারাগারে থাকার পর মুক্তি পাওয়ার অনুভূতি এমনই।
অভিজিৎ দীপকের পাশাপাশি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও শুক্রবারের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে আটক করা হয়েছিল। শনিবার ভোরে তাঁকে মুক্তি দেওয়া হয়।
দিল্লি পুলিশের ভাষ্য অনুযায়ী, কনট প্লেসে প্রস্তাবিত পদযাত্রার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁদের হেফাজতে নেওয়া হয়েছিল।
ভারতের নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) কর্মসূচির মাধ্যমে ভোটার তালিকা সংশোধন নিয়ে দেশটিতে রাজনৈতিক বিতর্ক চলছে। সিজেপি ও কয়েকটি বিরোধী রাজনৈতিক দল এবং শিক্ষার্থী সংগঠনের অভিযোগ, এই প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে এবং এতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে সিজেপি। তবে ভোটার তালিকা সংশোধনে পক্ষপাতের অভিযোগ নির্বাচন কমিশন অস্বীকার করেছে।
এ ইস্যুতে সিজেপির পাশাপাশি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, শিক্ষার্থী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। দিল্লির কনট প্লেসে ‘লহরা দো তেরঙ্গা’ পদযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয় এবং একাধিক ব্যক্তিকে আটক করা হয়।