শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহতদের মধ্যে ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুলের পরিবারের ছয় সদস্য রয়েছেন। তাঁরা হলেন মেলিতা মেহেজাবিন আলভি, নাবিলা, মালিহা, মিলা, জেরিফ ও ফাইজান।
অগ্নিকাণ্ডে আহত ছয়জন হলেন মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০), সামিদা (৩২), নাফিজা নওয়ার খান (২৯) ও সাহাবুদ্দিন (৩১)। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
শনিবার বেলা ১১টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, রিসোর্টটিতে ২৭ জনের প্রবেশের তথ্য রয়েছে। তাঁদের মধ্যে নয়জন ঘটনার সময় রিসোর্টের বাইরে ছিলেন। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয় বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোরশেদ দুপুরে সাংবাদিকদের বলেন, তাঁরা ছয়টি মরদেহ উদ্ধার করেছেন। এ ছাড়া আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হতাহত ব্যক্তিরা সবাই পর্যটক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধারের কাজ শেষ হলে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।