বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসও এক জরুরি বিজ্ঞপ্তিতে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইটের যাত্রা স্থগিতের কথা জানিয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সৌদিয়া এয়ারলাইনসের এসভি ৮০৪, এসভি ৮০৫, এসভি ৮০৬ ও এসভি ৮০৭ এবং আরএক্স ৭৬৩ ও আরএক্স ৭৬৪ নম্বরের ফ্লাইট রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে রিয়াদগামী বিজি ৩৩৯ ফ্লাইটটি বাতিল হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইটের যাত্রা স্থগিত থাকবে। এসব ফ্লাইটে টিকিট বুকিং করা যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
এর আগে শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৮১ ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে অন্যত্র অবতরণ করে। ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় ছিল শনিবার বেলা ৩টা ১০ মিনিট। তবে শেষ পর্যন্ত এটি দিবাগত রাত ৩টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করে।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী ফ্লাইটগুলো অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনার পর ফ্লাইট চলাচল স্থগিত করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সেখানে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।
বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা এখনো স্পষ্ট নয়। এ অবস্থায় যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও যাত্রার বিষয়ে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।