শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টা থেকে এ অভিযান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অভিযান চলাকালে নীলক্ষেত মোড়সংলগ্ন নিউমার্কেটের ১ নম্বর গেট থেকে চন্দ্রিমা সুপার মার্কেটসংলগ্ন ৪ নম্বর গেট পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। একই সঙ্গে প্রিয়াঙ্গন সুপার মার্কেট থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কও দখলমুক্ত করা হয়। পরে এসব এলাকায় সৌন্দর্যবর্ধনের জন্য ফুল ও বিভিন্ন গাছের টব স্থাপন করা হয়।
অভিযানকালে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার অনুরোধ করা হচ্ছে। এরপরও কেউ দখল করলে মালামাল জব্দসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ক্ষেত্রে স্থানীয় নেতাদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রশাসক বলেন, নিউমার্কেট রাজধানীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। প্রতিদিন দূরদূরান্ত থেকে হাজারো মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। তাই পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো অবস্থাতেই জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না।
এদিকে হকার নীতিমালায় সার্ভিস চার্জ কমানোর দাবি প্রসঙ্গে আবদুস সালাম বলেন, হকারদের পক্ষ থেকে এ বিষয়ে যে দাবি জানানো হয়েছে, তা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পর সে অনুযায়ী তালিকা প্রণয়ন করা হবে। তালিকার বাইরে কাউকে কোনো স্থানে বসার সুযোগ দেওয়া হবে না।
নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং পরিবেশের সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।