শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসভবন রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় ৪ থেকে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে তাঁদের কাছ থেকে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসাইন।
তিনি জানান, উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় বিস্ফোরণের কারণ, আটক ব্যক্তিদের পরিচয় এবং তাঁদের সম্পৃক্ততার বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।