বুধবার (১৪ অক্টোবর) পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং প্রকল্পের প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পের আওতায় গাজীপুরের কালিয়াকৈর ৪০০/২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ময়মনসিংহের নবনির্মিত শম্ভুগঞ্জ ৪০০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র পর্যন্ত ৯৬ দশমিক ৮৯১ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। লাইনটি বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
নতুন এ সঞ্চালন লাইনটি গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর, টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুর এবং ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ সদর, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলার ওপর দিয়ে গেছে।
পাওয়ার গ্রিড জানিয়েছে, পরীক্ষামূলকভাবে চালুর পর থেকে সঞ্চালন লাইনটি বিদ্যুতায়িত থাকবে। ফলে লাইন ও টাওয়ারের আশপাশে অসতর্কতাবশত চলাফেরা করলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
এ কারণে জনসাধারণকে সঞ্চালন লাইনের টাওয়ারে ওঠা, টাওয়ারে গবাদিপশু বাঁধা, টাওয়ারে রশি বেঁধে কাপড় শুকানো এবং সঞ্চালন লাইনের নিচে বা পাশে বাঁশঝাড় ও বড় গাছ লাগানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
একই সঙ্গে সঞ্চালন লাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, উচ্চ ভোল্টেজে বিদ্যুতায়িত এ লাইন বা টাওয়ারের সংস্পর্শে এলে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে।
তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্কতা অবলম্বন এবং বিদ্যুৎ সঞ্চালন লাইনের আশপাশে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।