রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে। বর্তমানে দৈনিক প্রায় ৯২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও রক্ষণাবেক্ষণ চলাকালে তা কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ, প্রতিদিন প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে।
পেট্রোবাংলা জানিয়েছে, সরবরাহ কমে যাওয়ার প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কম থাকতে পারে। বিশেষ করে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন খাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগেও গত বছরের ডিসেম্বর মাসে একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।