বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পেনের মালাগা শহরের মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কে মেয়রকে অবহিত করেন। এ প্রক্রিয়ায় স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য দেশের গঠনমূলক ভূমিকার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে মালাগা শহরের যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময়, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, পর্যটন এবং সৃজনশীল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।
এ ছাড়া বাংলাদেশ ও মালাগার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক অংশীদারত্ব প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের সুযোগ নিয়েও আলোচনা করেন তাঁরা।
বৈঠকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করেন মালাগার মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোস। দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানের আশাও ব্যক্ত করেন তিনি।
আলোচনায় উঠে আসা বিষয়গুলোকে বাস্তব সহযোগিতায় রূপ দিতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালাগা নগর প্রশাসনের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততা আরও সহজ করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
সংশ্লিষ্টদের মতে, কৃষি, শিক্ষা, প্রযুক্তি, বাণিজ্য ও পর্যটনের মতো খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ বাংলাদেশ ও স্পেনের সম্পর্ককে আরও সম্প্রসারিত করার সুযোগ তৈরি করতে পারে।