September 25, 2026, 5:09 am
শিরোনাম:
শিরোনাম:
সর্বজনীন পেনশনে আসছে শরিয়াহভিত্তিক পদ্ধতি জনপ্রতিনিধি না হয়েও টাঙ্গাইলের বিএনপি নেতা আব্দুস ছাত্তার সিকদার তিন বছরে ৬২ সড়ক সংস্কার, ব্যয় করেন ৩০ লাখ টাকা অ’ন্তর’ঙ্গ দৃশ্য ফাঁ’সে’র পর চার দিন ঘরবন্দি ছিলেন রাধিকা আপ্তে বিকাশ-রবি-বাংলালিংকসহ পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা জাতিসংঘে বলেন – তারেক রহমান আজ টিভিতে যেসব গুরুত্বপূর্ণ খেলা মানবাধিকার সুরক্ষায় সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা হয়নি: এইচআরডব্লিউ ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন তিন আইন এরদোগানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদার

ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন তিন আইন

অনলাইন ডেস্ক
সময় : Wednesday, September 23, 2026

সরকার গঠনের পর ন্যায়বিচার, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষাকে গুরুত্ব দিয়ে আইন সংস্কারের বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। এর ধারাবাহিকতায় জাতীয় সংসদের প্রথম তিন অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে। এসব আইনের মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৬, জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬ এবং ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২৬ বিশেষভাবে আলোচনায় এসেছে।

এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন-২০২৬, ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন-২০২৬সহ বিচার, প্রশাসন, মানবাধিকার, অর্থনীতি ও সামাজিক সুরক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন আইনও পাস হয়েছে।

 

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৬

গুম প্রতিরোধ, এর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণ এবং প্রতিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৬ পাস করা হয়েছে।

আইনটিতে গুমকে স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপস অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। কোনো সরকারি কর্মচারী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিজে অথবা সরকারের সমর্থন, অনুমোদন কিংবা সম্মতিতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, আটক বা অপহরণের পর তার স্বাধীনতা হরণের বিষয়টি অস্বীকার করলে কিংবা ওই ব্যক্তির অবস্থান গোপন করলে তা গুম হিসেবে গণ্য হবে।

আইন অনুযায়ী, গুমের জন্য দায়ী ব্যক্তি অন্যূন তিন বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। এর সঙ্গে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু হলে, তার লাশ পাওয়া গেলে অথবা গুমের পাঁচ বছর পরও তাকে জীবিত কিংবা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে অপরাধের মাত্রা আরও গুরুতর হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা অন্যূন পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এর সঙ্গে সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ডও হতে পারে।

আইনে ভুক্তভোগীর ক্ষতিপূরণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এখতিয়ারসম্পন্ন দায়রা আদালত আরোপিত অর্থদণ্ডকে ক্ষতিপূরণ হিসেবে গণ্য করে তা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিতে পারবে। দণ্ডিত ব্যক্তির স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে অর্থদণ্ড বা ক্ষতিপূরণের অর্থ আদায় করা যাবে। অন্য দাবির তুলনায় এ অর্থ আদায়ের দাবি অগ্রাধিকার পাবে। দণ্ডিত ব্যক্তির সম্পত্তি থেকে অর্থ আদায় সম্ভব না হলে রাষ্ট্র ভুক্তভোগীকে তা দেওয়ার জন্য দায়বদ্ধ থাকবে।

গুম হওয়া ব্যক্তির পরিবারকে সম্পত্তি ব্যবহারের সুযোগ দেওয়ার বিধানও আইনে রাখা হয়েছে। গুম হওয়া ব্যক্তির দায় পরিশোধ, স্বামী বা স্ত্রী কিংবা নির্ভরশীল পরিবারের সদস্যদের ভরণপোষণ অথবা যৌক্তিক ব্যয় নির্বাহের প্রয়োজন হলে আদালত আবেদনকারীর অনুরোধে গুম সনদসহ সম্পত্তি ব্যবহার বা হস্তান্তরের অনুমতি দিতে পারবে।

কোনো ব্যক্তি অন্তত পাঁচ বছর ধরে গুম থাকলে এবং জীবিত অবস্থায় ফিরে না এলে, বৈধ উত্তরাধিকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনযোগ্য বলে ঘোষণা করতে পারবে। এ ক্ষেত্রেও গুম সনদ দেওয়ার সুযোগ রয়েছে।

আইনটি সম্পর্কে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, গুমের শিকার ব্যক্তির পরিবার যাতে তার সম্পত্তির অধিকার পায়, সে বিষয়টি আইনে নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। এ জন্য এখতিয়ারসম্পন্ন আদালতে আবেদন করে প্রতিকার পাওয়ার সুযোগ রাখা হয়েছে।

তিনি বলেন, গুমের দুই ধরনের বিষয় রয়েছে। পদ্ধতিগত ও ব্যাপক মাত্রার গুমের ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় যেতে পারে। অন্যদিকে সাধারণভাবে ২৪ ঘণ্টার বেশি কাউকে অবৈধভাবে আটকে রাখার মতো গুমের অভিযোগ এখতিয়ারসম্পন্ন আদালতে বিচারযোগ্য হবে বলে জানান তিনি।

বাংলাদেশে গুমের ঘটনা চিরতরে বন্ধ হবে বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

 

জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬

২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন রহিত করে জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬ পাস করা হয়েছে। নতুন আইনে কমিশনের ক্ষমতা ও কার্যপরিধি আগের তুলনায় বাড়ানো হয়েছে।

আইনে মানবাধিকার কমিশনকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি সমন জারি করাসহ দেওয়ানি আদালতের কিছু ক্ষমতাও কমিশনকে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রেও কমিশনের তদন্তের সুযোগ রাখা হয়েছে।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, মানবাধিকার কমিশন কোনো ফৌজদারি তদন্ত সংস্থা নয়। মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কি না, তা তদন্ত করে সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করাই কমিশনের অন্যতম প্রধান কাজ।

তিনি জানান, শক্তিশালী মানবাধিকার কমিশন গঠনের উদ্যোগের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে অভিনন্দনবার্তাও পেয়েছেন।

 

সম্পত্তি হস্তান্তরে নতুন ব্যবস্থা

সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নতুন একটি পদ্ধতি যুক্ত করে ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২৬ পাস করা হয়েছে। এর মাধ্যমে সম্পত্তি দান বা হস্তান্তরের পরও দাতা জীবিত থাকা পর্যন্ত সেই সম্পত্তি ভোগ করার অধিকার সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে।

‘জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান’ নামে নতুন এ ব্যবস্থায় সম্পত্তির মালিকানা গ্রহীতার কাছে চলে গেলেও দাতা জীবিত থাকা পর্যন্ত সম্পত্তিটি ভোগ করতে পারবেন।

আইনটি নিয়ে বিতর্কের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এতে ইসলামি আইনের অধীনে হেবা বা দানের বিধানকে বাধাগ্রস্ত করা হয়নি। বরং হেবার অধিকার সংরক্ষণ করেই সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে একটি বিকল্প ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, কেউ হেবা করতে চাইলে আগের নিয়মেই তা করতে পারবেন। একইভাবে অন্য আইনি পদ্ধতিতে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রেও কোনো বাধা থাকবে না।

 

মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন-২০২৬ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকারের মাদকবিরোধী নীতিতে ‘জিরো টলারেন্স’ রয়েছে।

তিনি জানান, মাদক নির্মূলে সামারি ট্রায়ালের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাইলট কর্মসূচির জন্য ঝিনাইদহ জেলাকে নির্ধারণ করা হয়েছে এবং সেখানে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি।

 

ব্যাংক মালিকানা ফেরত পাওয়ার সুযোগ বন্ধ

ব্যাংক খাতের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন-২০২৬-এ ১৮(ক) ধারা বিলুপ্ত করা হয়েছে। এর ফলে একীভূতকরণের আওতায় যাওয়া কোনো ব্যাংকের আগের মালিক বা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী নির্দিষ্ট শর্ত পূরণ করেও ওই ব্যাংকের মালিকানা, সম্পদ ও নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ পাবে না।

 

প্রথম সাত মাসে শতাধিক আইন

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকার গঠন করে। সরকারের প্রথম সাত মাসে জাতীয় সংসদে শতাধিক আইন পাস হয়েছে বলে সরকারি তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে। পাস হওয়া উল্লেখযোগ্য আইনগুলোর মধ্যে রয়েছে দেওয়ানি কার্যবিধি (সংশোধন) আইন, ফৌজদারি কার্যবিধি (সংশোধন) আইন, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, বাণিজ্যিক আদালত আইন, জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন এবং জুয়া প্রতিরোধ আইন।

আইনগুলোর মাধ্যমে বিচারব্যবস্থা, মানবাধিকার সুরক্ষা, সম্পত্তি হস্তান্তর, মাদক নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান আইনি কাঠামোতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব আইনের বাস্তব প্রয়োগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতার ওপরই সংস্কারগুলোর বাস্তব প্রভাব অনেকাংশে নির্ভর করবে।

 

/সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

50MP Camera Phone Android 14 Phone Android 15 Phone Snapdragon 8 Elite Walton Smartphone 2025 Walton smartphone Bangladesh আইন সংস্কার আত্মহত্যার প্ররোচনা আন্তর্জাতিক সংবাদ ইউএনজিএ ৮১তম অধিবেশন এশিয়ান গেমস এশিয়ান গেমস ২০২৬ গাজী নজরুল ইসলাম গুম প্রতিরোধ ও প্রতিকার আইন চীন জলবায়ু অর্থায়ন জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৬ জামায়াতে ইসলামী জ্বালানি তেলের দাম বৃদ্ধি জ্বালানি তেলের নতুন দাম জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ডিজেলের দাম তারেক রহমান নিউইয়র্কে তারেক রহমান ন্যাম ভবন প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগর বাংলাদেশ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিএনপি ব্যাংকিং খাতের খবর মধ্যপ্রাচ্য সংকট মরিয়ম খাতুন মরিয়ম খাতুনের মৃত্যু মানবাধিকার সুরক্ষা মোবাইল রিভিউ বাংলা রেমিট্যান্স সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসন

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর