সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা নতুন মজুরি কাঠামোর এ প্রস্তাব তুলে ধরেন। এতে মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে শ্রমিক ও কর্মচারীদের জন্য পৃথক বেতনকাঠামো প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, পোশাকশ্রমিকদের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। এ ছাড়া শিক্ষানবিশ শ্রমিকদের জন্য সর্বোচ্চ তিন মাসের শিক্ষানবিশকাল নির্ধারণ করে এ সময়ে মাসিক ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে।
শ্রমিকপক্ষের প্রস্তাবে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে গ্রেড-১ এর সিনিয়র অপারেটরদের জন্য। এ গ্রেডে মূল বেতন ২৮ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ১৪ হাজার ৪০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে তাঁদের মাসিক মজুরি দাঁড়াবে ৪৮ হাজার টাকা।
গ্রেড-২ এর শ্রমিকদের জন্য মোট ৪৩ হাজার টাকা মজুরির সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে মূল বেতন ২৫ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ১২ হাজার ৯০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। কারখানার বিভিন্ন ধরনের মেশিন পরিচালনা ও সংশ্লিষ্ট কাজে নিয়োজিত শ্রমিকেরা এ গ্রেডে থাকবেন।
গ্রেড-৩ এর শ্রমিকদের জন্য প্রস্তাবিত মোট মজুরি ৩৮ হাজার টাকা। এর মধ্যে মূল বেতন ২২ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ১১ হাজার ৪০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ৮০০ টাকা। জুনিয়র মেশিন অপারেটরসহ বিভিন্ন কাজে নিয়োজিত শ্রমিকদের এ গ্রেডে রাখার প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে গ্রেড-৪-এর হেলপার ও সহকারী পর্যায়ের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে মূল বেতন ১৯ হাজার ২০০ টাকা, বাড়িভাড়া ৯ হাজার ৬০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ২০০ টাকা।
শ্রমিকদের পাশাপাশি পোশাক কারখানার অন্যান্য কর্মচারীদের জন্যও চারটি গ্রেডে পৃথক মজুরি কাঠামোর প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।
প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১ -এর কর্মচারীরা মাসে মোট ৫৫ হাজার টাকা মজুরি পাবেন। এ গ্রেডে স্টোর কিপার, উচ্চমান সহকারী ও সিনিয়র ফায়ারম্যানদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। তাঁদের মূল বেতন ৩৩ হাজার টাকা, বাড়িভাড়া ১৬ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য ভাতা ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।
গ্রেড-২ -এর কর্মচারীদের জন্য মোট ৫০ হাজার টাকা মজুরির সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে মূল বেতন ৩০ হাজার টাকা, বাড়িভাড়া ১৫ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৫ হাজার টাকা। হিসাব সহকারী, স্টোর সহকারী ও অন্যান্য জুনিয়র কর্মচারীরা এ গ্রেডে থাকবেন।
গ্রেড-৩-এর ক্লার্ক, অফিস সহকারী ও ডেটা এন্ট্রি অপারেটরদের জন্য মোট ৪৫ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে মূল বেতন ২৭ হাজার টাকা, বাড়িভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া গ্রেড-৪-এর পিয়ন ও কুক পদে কর্মরত কর্মচারীদের জন্য মোট ৪০ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে মূল বেতন ২৪ হাজার টাকা, বাড়িভাড়া ১২ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার টাকা।
নতুন মজুরি কাঠামোর প্রস্তাবে শিক্ষানবিশ শ্রমিকদের জন্য সর্বোচ্চ তিন মাসের শিক্ষানবিশকাল রাখার কথা বলা হয়েছে। এ সময়ে তাঁদের মাসিক মোট মজুরি হবে ৩০ হাজার টাকা।
এর মধ্যে মূল বেতন ১৮ হাজার টাকা, বাড়িভাড়া ৯ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। তবে খাদ্যভাতা প্রস্তাবিত মজুরির আওতাভুক্ত হবে না বলে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে দেশের তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো কার্যকর হওয়ার পর এই হার নির্ধারণ করা হয়। এরপর থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছে।
শ্রমিকপক্ষের নতুন প্রস্তাব কার্যকর হলে সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা হবে। অর্থাৎ মাসিক মজুরি বাড়বে ১৯ হাজার ৫০০ টাকা। শতাংশের হিসাবে এই বৃদ্ধির হার ১৫৬ শতাংশ।
তবে শ্রমিকপক্ষের এই প্রস্তাব এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। মালিকপক্ষের প্রস্তাব পাওয়ার পর উভয় পক্ষের দাবি ও শিল্পের সামগ্রিক সক্ষমতা বিবেচনা করে নিম্নতম মজুরি বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে।
এ বিষয়ে বিজিএমইএর সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, শ্রমিকদের পক্ষ থেকে মজুরি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। মালিকপক্ষ থেকেও একটি প্রস্তাব দেওয়া হবে। উভয় পক্ষের প্রস্তাব পর্যালোচনা ও আলোচনার ভিত্তিতে সরকার একটি সুন্দর ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মহিউদ্দিন রুবেল আরও বলেন, এমন একটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, যা মালিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এবং শ্রমিকেরাও স্বাচ্ছন্দ্যে মেনে নিতে পারবেন।
দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং শিল্পের উৎপাদন সক্ষমতা ধরে রাখা। দুই বিষয়ই নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ফলে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা করে নিম্নতম মজুরি বোর্ড কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট সবার।