বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশ অনুযায়ী, আগামী সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচার ৪০ নম্বর ভবনে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী অনুষ্ঠিতব্য এ সভার অন্যতম প্রধান আলোচ্য বিষয় হচ্ছে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের কাছ থেকে পৃথকভাবে ন্যূনতম মজুরি হারের প্রস্তাব সংগ্রহ। দুই পক্ষের প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন শ্রেণি ও পদ অনুযায়ী মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভায় উপস্থিত থাকার জন্য বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলে উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডের সদস্য ও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে মজুরি হারের প্রস্তাব উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে সংশ্লিষ্ট সদস্যদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নিম্নতম মজুরি বোর্ডের এই উদ্যোগের মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের আলোচনা আরও এক ধাপ এগোবে। তবে আগামী সভায় মজুরির কোনো নির্দিষ্ট পরিমাণ চূড়ান্ত হবে কি না, সে বিষয়ে নোটিশে কিছু জানানো হয়নি।