বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক সদস্য সচিব আলী হোসেন জানান, ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান তাঁদের সঙ্গে কথা বলে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে আপাতত অনশন স্থগিত করা হয়েছে।
আলী হোসেন আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে তাঁরা আবারও আন্দোলনে নামবেন। এ ক্ষেত্রে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে পুনরায় আমরণ অনশন শুরু করবেন তাঁরা।
এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে ময়মনসিংহ নগরের সারদা ঘোষ রোড এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে শহীদ সাগর চত্বরে আমরণ অনশন শুরু করেন তাঁরা।
অনশনকারীদের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ দেওয়া একজন শহীদের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটি শুধু একটি স্মৃতিচিহ্নের ওপর হামলা নয়, বরং জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টিকেও প্রশ্নের মুখে ফেলেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
এদিকে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান অনশনকারীদের আশ্বস্ত করে বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের তৎপরতা দেখা গেছে। তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। সেদিন সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে সাগরের আত্মত্যাগের স্মৃতি ধরে রাখতে আন্দোলনকারীরা তাঁর মৃত্যুর স্থানকে ‘সাগর চত্বর’ হিসেবে ঘোষণা করেন। পরবর্তী সময়ে সেখানে তাঁর ছবি সংবলিত একটি স্টিলের স্মৃতিফলক স্থাপন করা হয়। সেই স্মৃতিফলকেই অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
পুলিশের দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমার মধ্যে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয় কি না, এখন সেদিকেই নজর আন্দোলনকারীদের। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আবারও অনশনে ফেরার ঘোষণা দিয়েছেন তাঁরা।