একই সঙ্গে ইসলামি প্রজাতন্ত্রের আদর্শ ও শাসনব্যবস্থার প্রতি সমর্থন প্রদর্শনে সরকারপন্থীদের রাজপথে সক্রিয় করা হচ্ছে। যুদ্ধের আট মাস পেরিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের আরও বড় পরিসরে সামরিক হামলার আশঙ্কার মধ্যেও সরকার যে নিজেদের অবস্থান থেকে সরে আসবে না, সেই বার্তাই দিতে চাইছে তেহরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ৯ নভেম্বরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রভাব, অর্থনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ অসন্তোষ- সবকিছু সামাল দিতে ইরান সরকার এখন নিরাপত্তা ও সামাজিক নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
ইরানের কর্তৃপক্ষ সরকারবিরোধী যেকোনো তৎপরতাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সরকারবিরোধী বিক্ষোভকে বিদেশি শক্তির ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে তেহরান।
কাতার বিশ্ববিদ্যালয়ের গালফ স্টাডিজ সেন্টারের পরিচালক মাহজুব জুয়েরি বলেন, চলমান উত্তেজনার মধ্যেও সরকারপন্থীদের প্রকাশ্যে সংগঠিত করতে সক্ষম হয়েছে ইরানি কর্তৃপক্ষ। এসব সমর্থকের মধ্যে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যদের পাশাপাশি সাধারণ বেসামরিক নাগরিকও রয়েছেন।
বিশ্লেষকদের মতে, সরকারপন্থীদের রাজপথে সক্রিয় রাখার মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখেও নিজেদের নিয়ন্ত্রণ ও রাজনৈতিক শক্তির জানান দিতে চাইছে ইরান সরকার।
সরকার বিরোধী অবস্থানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সর্বশেষ উদাহরণ হিসেবে গত রোববার (৮ নভেম্বর) তিন তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানের বিচার বিভাগ। জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া ওই তিনজনের নাম হাসান দিববন্দ, হামিদ কাজেমি ও রেজা জাঙ্গানেহ।
ইরানি বিচার বিভাগের অভিযোগ, তাঁরা সরকারি স্থাপনায় হামলা, সরকারি সম্পত্তি ধ্বংস এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে বিভিন্ন তৎপরতায় জড়িত ছিলেন। দেশটির সুপ্রিম কোর্ট তাঁদের মৃত্যুদণ্ড বহাল রাখার পর সাজা কার্যকর করা হয়।
তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ইরানে রাজনৈতিক মামলার বিচারপ্রক্রিয়ায় নির্যাতন, জোরপূর্বক স্বীকারোক্তি আদায় এবং ন্যায়বিচারের আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘনের ঘটনা ঘটছে।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাওর তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত ইরানে অন্তত ৭৯ জন রাজনৈতিক ও ধর্মীয় বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের মধ্যে ৪০ জন জানুয়ারির বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। তবে এই পরিসংখ্যান মানবাধিকার সংস্থাটির নথিভুক্ত হিসাব, সরকারি পরিসংখ্যান নয়।
ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের আরেকটি দিক হলো তরুণদের সামাজিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ। গত ৩০ অক্টোবর তেহরানের ইরানশাহর সড়কে হ্যালোইন উদযাপনে অংশ নিতে কয়েক শ তরুণ-তরুণী জড়ো হয়েছিলেন। তাঁদের অনেকেই বিচিত্র পোশাক ও সাজসজ্জায় সজ্জিত হয়ে বিভিন্ন ক্যাফেতে সময় কাটাচ্ছিলেন।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই মোটরসাইকেল আরোহী ও সাদাপোশাকের নিরাপত্তাকর্মীরা সেখানে গিয়ে জমায়েত ছত্রভঙ্গ করেন। কয়েকটি ক্যাফে বন্ধ করে দেওয়া হয়। এ সময় মারধর ও আটকের ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে আল-জাজিরা। কাছের আর্টিস্টস পার্কে অবস্থানরত লোকজনকেও সেখান থেকে চলে যেতে বলা হয়।
ঘটনাটি নিয়ে ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে এর পরপরই একই সড়কে সরকারপন্থীদের জন্য বিভিন্ন স্টল ও সমাবেশের আয়োজন করা হয়। সেখানে সরকারের সমর্থনে স্লোগান দেওয়া এবং জাতীয় পতাকা প্রদর্শন করতে দেখা যায় সমর্থকদের।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে তরুণদের জমায়েত নিয়েও আগে থেকে আপত্তি জানিয়ে আসছে পুলিশ। ইরানের ট্রাফিক পুলিশের প্রধান তেইমুর হোসেইনি এসব সড়কে তরুণদের ঘোরাফেরা ও জমায়েতের বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। তাঁর বক্তব্যের পর বিভিন্ন ক্যাফে ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের ঘটনাও সামনে এসেছে।
ইরানে সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নারীদের পোশাকবিধি। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল। পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর বাধ্যতামূলক হিজাববিধির বিরুদ্ধে প্রতিবাদে নামেন বহু নারী।
সেই আন্দোলনের পর তেহরানসহ বিভিন্ন শহরে অনেক নারী প্রকাশ্যে হিজাব না পরেই চলাফেরা শুরু করেন। এতে কয়েক বছর ধরে দেশটির পোশাকবিধি প্রয়োগের ক্ষেত্রে একধরনের শিথিলতা দেখা যায়।
তবে চলমান যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যে কর্তৃপক্ষ আবারও সামাজিক বিধিনিষেধ কঠোর করার ইঙ্গিত দিচ্ছে। জনসমাগমস্থলে নজরদারি, ক্যাফে ও বিনোদনকেন্দ্রের ওপর নিয়ন্ত্রণ এবং নারীদের পোশাকবিধি প্রয়োগের বিষয়গুলো নতুন করে গুরুত্ব পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান পরিস্থিতি কেবল সামরিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নয়। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং তরুণদের কর্মসংস্থানসংক্রান্ত হতাশা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়িয়ে তুলেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। যুদ্ধের মধ্যে সরকারবিরোধী প্রতিবাদে অংশ নিলে বিদেশি শক্তির সহযোগী হিসেবে বিবেচিত হওয়ার আশঙ্কাও করছেন অনেক ইরানি। ফলে সরকারের বিরুদ্ধে অসন্তোষ থাকলেও প্রকাশ্যে প্রতিবাদ করার ক্ষেত্রে অনেকে সতর্ক অবস্থান নিচ্ছেন।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির প্রয়োগ সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করছে। হিউম্যান রাইটস ওয়াচও চলতি বছর ইরানে রাজনৈতিক অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর এবং বিচারপ্রক্রিয়ার অনিয়ম নিয়ে উদ্বেগ জানিয়েছে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি মোকাবিলার পাশাপাশি নিজেদের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ধরে রাখাই এখন ইরান সরকারের বড় চ্যালেঞ্জ। একদিকে যুদ্ধের চাপ, অন্যদিকে অর্থনৈতিক সংকট ও জনগণের অসন্তোষ – এই দুই পরিস্থিতির মধ্যে সরকার কতটা কঠোর অবস্থান বজায় রাখে, তা দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
সূত্র: আল-জাজিরা