বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে একটি জাহাজের নাম ছিল ‘জয় বাংলা’। অন্য চারটি জাহাজের নামকরণ করা হয়েছিল জাতীয় চার নেতার নামে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাহাজগুলোর পুরোনো নাম বাদ দিয়ে নতুন নাম নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কোস্ট গার্ডের ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। এ ছাড়া ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’।
একইভাবে ‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। ‘বিসিজিএস মনসুর আলী’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’। অন্যদিকে ‘বিসিজিএস কামরুজ্জামান’ এখন থেকে পরিচিত হবে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ নামে।
নাম পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে পাঠানো প্রস্তাব পর্যালোচনা করে নতুন নামগুলো অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হওয়ার কথা।
কোস্ট গার্ড সূত্রের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, চারটি জাহাজের নতুন নাম যাঁদের নামে রাখা হয়েছে, তাঁরা সবাই বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। দেশের ভেতরে ও বিদেশে বিভিন্ন অভিযান পরিচালনার সময় তাঁরা শহীদ হন।
উল্লেখ্য, পুরোনো নামের চারটি জাহাজের নাম ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী জাতীয় চার নেতার নামে। তাঁরা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান। তাঁদের নামের পরিবর্তে নতুন নাম নির্ধারণের বিষয়টি ইতোমধ্যে আলোচনায় এসেছে।