নির্বাচন কমিশন ও স্থানীয় কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। বটগাছ প্রতীকে মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট এবং ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪৪৯ ভোট।
ফলাফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় মির্জা ফয়সল আমীন তাঁর বিজয়কে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষের বিজয় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে মির্জা পরিবারের দীর্ঘদিনের প্রভাব রয়েছে। মির্জা ফয়সল আমীন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। তাঁর এ বিজয়ের মধ্য দিয়ে আসনটিতে বিএনপির অবস্থান আরও সুসংহত হলো বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা।