এশিয়ান গেমস শুরুর আগেই ব্যবস্থাপনা নিয়ে একের পর এক প্রশ্নের মুখে পড়ছে ভারতীয় দল। এবার কিটের মাপ নিয়ে জটিলতায় পড়েছে ভারতের পুরুষ ক্রিকেট দল। জাপানের উদ্দেশে রওনা হওয়ার কয়েক ঘণ্টা আগে দলের কয়েকজন ক্রিকেটার এখনো সঠিক মাপের অফিসিয়াল কিট পাননি।
পিটিআইয়ের প্রতিবেদনে জানা গেছে, শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের রোববার ভোরে নয়াদিল্লি থেকে জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা। এর আগে ক্রিকেটারদের কিটের মাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কিট সরবরাহকারী জেএসডব্লিউ ইনস্পায়ারের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে।
আইওএ- সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ক্রিকেটারদের কিটে মাপের সমস্যা হয়েছিল। তবে অধিকাংশ সমস্যার সমাধান হয়ে গেছে। কয়েকজনের কিট এখনো বাকি রয়েছে এবং সেগুলো দ্রুত দলের কাছে পৌঁছে দেওয়ার কথা। দুই ধরনের জার্সির প্রয়োজন থেকেই কিছুটা জটিলতা তৈরি হয়ে থাকতে পারে বলেও জানানো হয়েছে।
জাপানে গিয়ে ভারতীয় দলকে দুটি ভিন্ন কিট ব্যবহার করতে হবে। আগামী **২২ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে** তারা নিয়মিত ভারতীয় দলের জার্সি পরে মাঠে নামবে। এরপর **২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায়** শুরু হবে ভারতের অভিযান। সেই প্রতিযোগিতায় ব্যবহার করা হবে এশিয়ান গেমসের জন্য নির্ধারিত অফিসিয়াল জার্সি।
শুধু কিট নয়, ভারতীয় পুরুষ ক্রিকেট দলের আবাসন নিয়েও তৈরি হয়েছে জটিলতা। নাগোয়ায় অন্যান্য ভারতীয় ক্রীড়াবিদদের আবাসন পেতে দেরি হওয়া এবং বরাদ্দ করা কক্ষের সুবিধা নিয়ে প্রশ্ন ওঠার পর পুরুষ ক্রিকেট দলের জন্য আলাদা হোটেলের ব্যবস্থা করেছে বিসিসিআই। পিটিআইয়ের তথ্য অনুযায়ী, নির্ধারিত কক্ষগুলোতে ক্রিকেটারদের বড় কিটব্যাগ রাখার মতো পর্যাপ্ত জায়গাও ছিল না।
তবে নারী ক্রিকেট দলের আবাসন নিয়ে এমন সমস্যা হয়নি। তারা আইও এর ব্যবস্থাপনায় নির্ধারিত আবাসনেই থাকছে। এশিয়ান গেমস শুরুর আগেই ভারতীয় ক্রীড়াবিদদের আবাসন ও পরিবহণ নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে। কোনো কোনো দলকে বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, আবার আবাসন সংকট সামাল দিতে অতিরিক্ত হোটেল কক্ষের ব্যবস্থাও করতে হয়েছে। নাগোয়ায় এবার প্রচলিত একটি কেন্দ্রীয় ‘গেমস ভিলেজ’-এর পরিবর্তে বিভিন্ন হোটেল, ক্রুজশিপ ও কনটেইনারভিত্তিক আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
কিট-সংক্রান্ত সমস্যা এবারই প্রথম সামনে এল না। এর আগে ভারতের পুরুষ পতাকাবাহক তাজিন্দরপাল সিং তূরও আনুষ্ঠানিক কিট সময়মতো না পাওয়ার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। পরে তাঁর পরিবর্তে কাবাডি খেলোয়াড় পবন সেহরাওয়াতকে পুরুষ পতাকাবাহক করা হয়।
সব মিলিয়ে, এশিয়ান গেমসে মাঠের লড়াই শুরুর আগেই ভারতীয় দলের প্রস্তুতিতে ব্যবস্থাপনাগত একাধিক বিষয় সামনে এসেছে। পুরুষ ক্রিকেট দলের কিটের অধিকাংশ সমস্যার সমাধান হয়েছে বলে আইওএ-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এখন বাকি কিটগুলো সময়মতো ক্রিকেটারদের হাতে পৌঁছানো এবং জাপানে দলের প্রস্তুতি নির্বিঘ্ন রাখা – এই দুই বিষয়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এফএইচএম