প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী এবং সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও তাঁর সঙ্গে ছিলেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ সময় স্থানীয় সংসদ সদস্য এবং চট্টগ্রাম জেলা ও মহানগর বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সরাসরি নগরের রহমতগঞ্জ এলাকায় অবস্থিত জেএম সেন হলের পূজামণ্ডপে যান। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি। পরে তাঁর দলীয় সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে।
চট্টগ্রামে পৌঁছানোর আগে মঙ্গলবার সকালে রংপুর ও রাজশাহী সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন। পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন তিনি। পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
রংপুর সফর শেষে বিকেল ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন তিনি। এ সময় রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
পরে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তারেক রহমান। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন তিনি।
দিনব্যাপী রংপুর ও রাজশাহী সফর শেষে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন এবং দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে যান প্রধানমন্ত্রী। নির্ধারিত কর্মসূচি শেষে মঙ্গলবার রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।