
আক্রমণাত্মক বার্সেলোনাও প্রস্তুত
পিএসজির মতো বার্সেলোনাও আছে দারুণ ফর্মে। লা লিগায় রিয়াল বেতিসের মাঠে ৫-২ গোলের বড় জয় পেয়েছে ফ্লিকের দল। এর আগে ১৩ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইকে ৪-১ গোলে হারায় কাতালান ক্লাবটি। অর্থাৎ শেষ দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ৯ গোল করেছে বার্সেলোনা।
এ ছাড়া লা লিগায় রেসিং সান্তান্দারের বিপক্ষে ৭-২ গোলের জয়ও দলের আক্রমণাত্মক সামর্থ্যের প্রমাণ। টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনা প্যারিসেও নিজেদের জয়ের ধারা ধরে রাখতে চাইবে। ফ্লিকের দলের আক্রমণভাগের ধার ও রক্ষণভাগের সংগঠিত পারফরম্যান্স পিএসজির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
সাম্প্রতিক লড়াইয়ে এগিয়ে পিএসজি
দুই দলের সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে পিএসজি। চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ পাঁচবারের দেখায় তিনটি ম্যাচ জিতেছে ফরাসি ক্লাবটি। বার্সেলোনার জয় একটি, বাকি ম্যাচটি হয়েছে ড্র। এই পাঁচ ম্যাচে পিএসজির গোল ১৩টি, বার্সেলোনার ৭টি।
সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে মুখোমুখি হয়েছিল দুই দল। বার্সেলোনার মাঠে সেবার ২-১ গোলে জয় পেয়েছিল পিএসজি। তবে প্যারিসের মাঠেও সুখস্মৃতি রয়েছে বার্সেলোনার। ২০২৪ সালের এপ্রিলে পার্ক দে প্রাঁসে ৩-২ গোলে জিতেছিল কাতালান জায়ান্টরা।
দুই দলের সাম্প্রতিক ফর্ম, আক্রমণাত্মক ফুটবল এবং পয়েন্ট তালিকায় অবস্থান—সব মিলিয়ে ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। এখন দেখার বিষয়, নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে পিএসজি জয় তুলে নেয়, নাকি ফ্লিকের অধীনে বার্সেলোনা প্যারিসে আরেকটি স্মরণীয় ফল অর্জন করে।