সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বিদ্যালয়ে যাওয়া-আসার পথ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, অনলাইন জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, নারী ও কন্যাশিশুরা পিছিয়ে থাকলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, চিকিৎসা ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান তুলে ধরে তিনি ছেলে ও মেয়ের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
কন্যাশিশুদের দক্ষ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে কন্যাশিশুদের মার্শাল আর্ট শেখার প্রতিও উৎসাহিত করেন তিনি।
কন্যাশিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, প্রতিটি কন্যাশিশুর নিরাপদে বেড়ে ওঠা, শিক্ষা গ্রহণ, দক্ষতা অর্জন এবং নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে নারী ও শিশুর নিরাপত্তা, সমান অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।