এর মধ্যেই রোববার সন্ধ্যা ৬টা থেকে বেসরকারি খাতের ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে নতুন দর কার্যকর হওয়ার পরও বাজারের সংকট কাটেনি। অনেক এলাকায় নির্ধারিত দামের চেয়েও বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে।
বিভিন্ন জেলার বাজার ঘুরে দেখা গেছে, মুন্সীগঞ্জে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা, ময়মনসিংহে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কুমিল্লায় প্লাস্টিকের সিলিন্ডার ২ হাজার ১৫০ থেকে ২ হাজার ৩০০ টাকা এবং স্টিলের সিলিন্ডার প্রায় ১ হাজার ৯৫০ টাকায় বিক্রির অভিযোগ রয়েছে।
রাজশাহীর বিভিন্ন এলাকায় ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৫০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহও কম বলে জানিয়েছেন বিক্রেতারা। বরিশাল ও রংপুরেও সরকারি দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির তথ্য পাওয়া গেছে।
শুধু বাসাবাড়ির গ্রাহক নয়, বাণিজ্যিক ব্যবহারকারীরাও বাড়তি দামের চাপে পড়েছেন। ময়মনসিংহে ৩০ ও ৪৫ কেজির বাণিজ্যিক সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ রয়েছে।
এদিকে বাজারে অনিয়মের অভিযোগে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মুন্সীগঞ্জ, গাইবান্ধা, বরিশাল ও সাভারের আশুলিয়ায় কয়েকটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত দামে বিক্রি ও অন্যান্য অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে।
এলপিজি সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাতেও। পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড এলাকায় সিএনজি চালকেরা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে প্রশাসন ও পুলিশের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়।
কেন বাড়ল এলপিজির দাম
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর অক্টোবরের প্রোপেন ও বিউটেনের সৌদি কনট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) অনুযায়ী এলপিজির নতুন দাম সমন্বয় করা হয়েছে। অক্টোবরে প্রোপেনের সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৮০ ডলার এবং বিউটেনের ৭৩০ ডলার। এতে গড় সৌদি সিপি দাঁড়িয়েছে ৭১২ দশমিক ৫০ ডলার, যা সেপ্টেম্বরে ছিল ৬৪৭ দশমিক ৭৫ ডলার।
এ ছাড়া এলপিজি আমদানিতে জাহাজভাড়া ও ব্যবসায়ীর প্রিমিয়ামও বেড়েছে। সেপ্টেম্বরে যেখানে প্রতি মেট্রিক টন ১৬০ ডলার ধরা হয়েছিল, অক্টোবরে তা বাড়িয়ে ২৫০ ডলার করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ১২ কেজির বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা। অটোগ্যাসের দামও প্রতি লিটার ১১ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছে।
অন্যদিকে সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। তবে সরবরাহ সীমিত থাকায় সাধারণ ভোক্তাদের বড় অংশ এ দামে সরকারি সিলিন্ডার কিনতে পারছেন না।
এলপিজি সরবরাহ কমে যাওয়ার অভিযোগ নিয়ে ব্যবসায়ী ও আমদানিকারকদের বক্তব্য অবশ্য এক নয়। ব্যবসায়ীদের একটি সংগঠন আমদানিকারকদের বিরুদ্ধে সরবরাহ কমানোর অভিযোগ তুললেও আমদানিকারকেরা কৃত্রিম সংকট তৈরির অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ও জাহাজভাড়া বেড়েছে এবং তারা বিইআরসির নির্ধারিত দামেই পরিবেশকদের গ্যাস দিচ্ছেন।
বাজারে সরবরাহ নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে ১২টি আমদানিকারক প্রতিষ্ঠানের কাছে সেপ্টেম্বরের আমদানি ও বিক্রির তথ্য চেয়েছে বিইআরসি। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, এসব তথ্য পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিইআরসি জানিয়েছে, আমদানি, মজুত, বোতলজাতকরণ, পরিবেশক ও খুচরা পর্যায়ে কমিশন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না। তবে বাস্তবে নির্ধারিত দরের চেয়ে অনেক বেশি দামে ১২ কেজির সিলিন্ডার বিক্রির অভিযোগ অব্যাহত রয়েছে।