বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টার দিকে দিল্লিতে মোদি ও ত্রিবেদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুতে ঢাকার বর্তমান অবস্থান সম্পর্কে বার্তা দিতেই ত্রিবেদী দিল্লি সফর করেছেন।
সোমবার রাতে ঢাকা থেকে দিল্লিতে পৌঁছান দীনেশ ত্রিবেদী। তবে তার এই সফর এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে এখনো বাংলাদেশে ভারতের হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে, তা কমিয়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে ত্রিবেদীকে ঢাকায় দায়িত্ব দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দায়িত্ব নেওয়ার পর গত ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারত সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করে। এর পাশাপাশি দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানোর উদ্যোগও দেখা যায়।
সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে উঠতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। তবে এখন পর্যন্ত সেই সফর বাস্তবে রূপ নেয়নি।
এর আগে গত ১১ আগস্টও ঢাকা থেকে সরাসরি দিল্লি গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন দীনেশ ত্রিবেদী। তার আগের দিন ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সেবারও দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ ও বৈঠক নিয়ে বার্তা পৌঁছে দিতেই ত্রিবেদী দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়।
সাম্প্রতিক বৈঠকটিও বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দুই দেশের মধ্যকার বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে ঢাকার অবস্থান দিল্লিকে জানাতে ত্রিবেদীর এই সফর নতুন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিচ্ছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।