গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই। তিনি জানান, জাতীয় দলের সঙ্গে আর থাকছেন না তিনি। তবে তাঁর চুক্তির মেয়াদ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে তাঁকে অন্য কোনো বিভাগে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।
আশরাফুল বলেন, ‘আজকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। জাতীয় দলের সঙ্গে আর থাকছি না। যেহেতু ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি রয়েছে, তাই ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানিয়েছে অন্য বিভাগে দায়িত্ব দেবে। কোথায় দেওয়া হবে, এ বিষয়ে কিছু জানানো হয়নি এখনও।’
সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছিল। এর মধ্যেই ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তনের সিদ্ধান্ত এলো। তবে আশরাফুলকে সরিয়ে দেওয়ার পেছনে বিসিবির আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া না গেলে এটিকে সরাসরি ব্যর্থতার ফল হিসেবে উল্লেখ করা সমীচীন হবে না।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সিরিজ শুরুর আগে ব্যাটিং কোচের দায়িত্বে এই পরিবর্তন দলের প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করেছে।
আসন্ন সিরিজে অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলানোর পর পূর্ণ মেয়াদে নতুন ব্যাটিং কোচ নিয়োগের বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা এবং শ্রীলঙ্কার সাবেক এক ক্রিকেটারের নাম আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নিশ্চিত নয়।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশের ব্যাটাররা কেমন পারফরম্যান্স করেন এবং নতুন দায়িত্বে সালাউদ্দিন কতটা প্রভাব রাখতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।