ম্যানচেস্টার সিটির সঙ্গে নিজের পূর্ববর্তী দায়িত্বকালে অনুষ্ঠিত বৈঠক ও যোগাযোগের সব তথ্য প্রকাশ করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক বিধি লঙ্ঘনের অভিযোগে ক্লাবটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। খবর আইটিভি নিউজের।
সোমবার (১২ অক্টোবর) প্রকাশিতব্য ‘দ্য রেস্ট ইজ পলিটিকস’ পডকাস্টে বার্নহ্যাম জানান, ম্যানচেস্টার সিটির সঙ্গে তাঁর পূর্ববর্তী দায়িত্বকালে যা কিছু করেছেন, তার সবকিছুই প্রকাশ করতে প্রস্তুত তিনি। ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্লাবটির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।
বার্নহ্যাম বলেন, বিরোধী দলের নেতা তাঁর বৈঠকগুলোর বিস্তারিত প্রকাশের অনুরোধ জানিয়েছেন। তিনি তা করতে আগ্রহী। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব বৈঠকের কোনোটিই সাম্প্রতিক নয়; গুরুত্বপূর্ণ বৈঠক বলতে ২০২১ সালের একটি বৈঠকের কথাই উল্লেখ করেন তিনি।
গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত প্রিমিয়ার লিগের বিবৃতি অনুযায়ী, ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত নয় বছরের আর্থিক কার্যক্রমে গুরুতর বিধি লঙ্ঘনের অভিযোগগুলোতে ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করেছে স্বাধীন কমিশন। পাশাপাশি, লিগের তদন্তে সহযোগিতা না করার অভিযোগগুলোর অধিকাংশও প্রমাণিত হয়েছে বলে জানানো হয়।
কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে, কয়েকটি বাণিজ্যিক অংশীদারের সঙ্গে করা চুক্তিতে প্রকৃত আর্থিক সমঝোতার প্রতিফলন ছিল না। এসব ব্যবস্থার মাধ্যমে ক্লাবটির আয় কৃত্রিমভাবে বাড়ানো এবং ব্যয় কম দেখানোর চেষ্টা করা হয়েছিল। সংশ্লিষ্ট সময়কালে এর আর্থিক প্রভাব ৯০ কোটি পাউন্ডের বেশি বলে জানিয়েছে প্রিমিয়ার লিগ। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে এবং কমিশনের রায়ের বিরুদ্ধে আপিল করেছে।
বার্নহ্যামের কাছে ম্যানচেস্টার সিটির মালিকপক্ষ, আবুধাবিভিত্তিক সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিবরণ প্রকাশের দাবি জানিয়েছে লিবারেল ডেমোক্র্যাটরা। একই দাবি তুলেছেন কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনকও।
মূলত, আর্থিক অনিয়মের রায়ের পর সিটির মালিকদের ভূমিকা নিয়ে বার্নহ্যামের ইতিবাচক মন্তব্যের পরই এ বিতর্কের সূত্রপাত। গত সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, রায়ের পর ক্লাবটির মালিকপক্ষ সিটি বিক্রি করে দিলে তিনি উদ্বিগ্ন হবেন। আধুনিক ম্যানচেস্টার গড়ে তোলার ক্ষেত্রে মালিকদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি।