রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে হিজবুল্লাহর কাছে অর্থ পৌঁছেছে। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত লেবানিজ পরিবারগুলোর সহায়তায় এটিই সংগঠনটির পাওয়া প্রথম বড় ধরনের অর্থ বলে সূত্রগুলো দাবি করেছে।
তবে ইরান থেকে হিজবুল্লাহর কাছে ২০০ মিলিয়ন ডলার পাঠানোর এই দাবি সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, ‘অর্থটি সেখানে নেই।’ তিনি অভিযোগ করেন, ইরান থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ আসার গল্প ছড়িয়ে হিজবুল্লাহ নিজেদের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, নিষেধাজ্ঞার মাধ্যমে হিজবুল্লাহর অর্থায়ন বন্ধে তারা চাপ অব্যাহত রাখবে।
এদিকে হিজবুল্লাহর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সংগঠনটি একটি অর্থের ব্যবস্থা করেছে এবং আগামী দিনগুলোতে তা বিতরণের পরিকল্পনা ঘোষণা করা হবে। তবে অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
সূত্রগুলোর দাবি অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে প্রায় ৫০ হাজার বাস্তুচ্যুত পরিবারকে পরিবারপ্রতি ৩ হাজার মার্কিন ডলার করে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। যেসব পরিবারের বাড়িঘর বা গ্রাম ধ্বংস হয়েছে অথবা ইসরায়েলি সামরিক উপস্থিতির কারণে নিজ এলাকায় ফিরতে পারছেন না, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
অর্থ স্থানান্তরের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত প্রকাশ করেনি সূত্রগুলো। তবে রয়টার্স জানিয়েছে, অর্থ স্থানান্তরে মধ্যস্থতাকারীরা ঝুঁকির কারণে প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমিশন নিয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন দাবি করেছেন।
ইরান ঐতিহাসিকভাবে হিজবুল্লাহকে আর্থিক সহায়তা দিয়ে আসছে বলে বিভিন্ন মার্কিন সরকারি নথিতে উল্লেখ রয়েছে। তবে বর্তমান ২০০ মিলিয়ন ডলারের স্থানান্তরের দাবি নিয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে অর্থ স্থানান্তরের বিষয়টি বর্তমানে রয়টার্সের সূত্রভিত্তিক দাবি এবং যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অস্বীকৃতির মধ্যে রয়েছে।