রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের সি ব্লকের অ্যাভিনিউ-২ সড়ক। সড়ক ও ফুটপাতজুড়ে নেই কোনো দোকান। দেখা যায়নি কোনো হকার বা ভ্রাম্যমাণ ব্যবসায়ীও। দীর্ঘদিনের পরিচিত এলাকাটি যেন পেয়েছে ভিন্ন এক রূপ।
গত বুধবার এলাকাটিতে অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত থেকে হকার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। এরপর থেকেই মিরপুর ১০ নম্বর সেকশনের ওই অংশে সড়ক ও ফুটপাত অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে।
এত দিন ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশে হকার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উপস্থিতি থাকলেও অভিযানের পর সেই চিত্র বদলে গেছে। পথচারীদের চলাচলের জায়গা এবং সড়কের অংশও এখন তুলনামূলকভাবে খোলা।
শুক্রবার দুপুরের পর সরেজমিনে দেখা যায়, অ্যাভিনিউ-২ সড়কের পানির ট্যাংক এলাকার আশপাশে আগের মতো দোকানপাট বা ভ্রাম্যমাণ পণ্যের পসরা নেই। ফুটপাতেও নেই হকারদের দখল। ফলে সড়ক ও ফুটপাতের স্বাভাবিক চেহারা ফিরে এসেছে।
তবে অভিযান-পরবর্তী এই পরিস্থিতি কত দিন স্থায়ী হয় এবং উচ্ছেদ করা হকার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা পরবর্তী সময়ে আবার সেখানে বসেন কি না, সেটিই এখন দেখার বিষয়।