বুধবার (২১ অক্টোবর) স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার শৃঙ্খলা কমিটি এ নিষেধাজ্ঞা ঘোষণা করে। খবর রয়টার্স ও স্প্যানিশ সংবাদমাধ্যমের।
গত শনিবার (১৭ অক্টোবর) লা লিগার ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হয় রিয়াল বেতিস। ম্যাচের ৫৪তম মিনিটে, বেতিসের ২-২ গোলে সমতা ফেরানোর কিছুক্ষণ পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বার্সেলোনার ফরোয়ার্ড লামিনে ইয়ামালের সঙ্গে সংঘর্ষে জড়ান বের্নাল।
রেফারির প্রতিবেদন অনুযায়ী, খেলা বন্ধ থাকা অবস্থায় বের্নাল ইয়ামালের ঘাড় ধরে তাঁকে পরপর দুবার মাথা দিয়ে আঘাত করেন। এ ঘটনায় তাঁকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন রেফারি। ঘটনার আগে বের্নালকে ধাক্কা দেওয়ার কারণে ইয়ামালও হলুদ কার্ড দেখেছিলেন।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধি অনুযায়ী, খেলা বন্ধ থাকা অবস্থায় প্রতিপক্ষকে আঘাত করার অপরাধে চার থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার বিধান রয়েছে। বের্নালের ক্ষেত্রে সর্বনিম্ন চার ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। বেতিসের পক্ষ থেকে শাস্তির বিরুদ্ধে দেওয়া আপত্তিও গ্রহণ করেনি শৃঙ্খলা কমিটি।
এই নিষেধাজ্ঞার কারণে লা লিগায় সেল্তা ভিগো, মালাগা ও এলচের বিপক্ষে ম্যাচের পাশাপাশি কোপা দেল রের একটি ম্যাচেও খেলতে পারবেন না বের্নাল। ফলে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাঁকে ছাড়াই দল সাজাতে হবে বেতিসের কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিকে।
লিগের পয়েন্ট তালিকায় বার্সেলোনা ৯ ম্যাচে ৯ জয় নিয়ে ২৭ পয়েন্টে শীর্ষে রয়েছে। অন্যদিকে, সমান ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল বেতিস।