গায়ক, অভিনেতা ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে। পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ পোস্টে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। সেখানে তারা জানান, দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পর পারস্পরিকভাবে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
পোস্টে তারা বলেন, একসঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলোর জন্য তারা কৃতজ্ঞ। এখনো একে অপরের প্রতি তাদের শ্রদ্ধা ও যত্ন রয়েছে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা পথেই দুজনের ভালো থাকা সম্ভব।
তারা আরও জানান, অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের সমর্থন নিয়ে তারা এখন বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছেন।
এ সময় নিজেদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধও জানিয়েছেন এই তারকা দম্পতি। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের আহ্বান, এই পরিবর্তনের সময়টিতে যেন বিষয়টির প্রতি সংবেদনশীলতা বজায় রাখা হয় এবং তারা নিজেদের পরবর্তী অধ্যায় নিজেদের মতো করে সামলানোর সুযোগ পান।
প্রীতম ও শেহতাজের সম্পর্কের শুরু সংগীতের সূত্র ধরে। প্রীতম হাসানের গাওয়া ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন শেহতাজ। ওই গানের শুটিংয়ের সময় দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। পরে সেই সম্পর্ক প্রেমে গড়ায়।
দীর্ঘদিন প্রেমের পর ২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। প্রায় চার বছরের দাম্পত্য জীবনের পর এবার সেই সম্পর্কেরও ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন দুজন।
তবে তাদের বক্তব্য অনুযায়ী, কোনো বিরোধ বা অভিযোগের কারণে নয়; বরং পারস্পরিক বোঝাপড়ার অভাব থেকেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। একাধিক একক গান ও সংগীতায়োজনের পাশাপাশি চলচ্চিত্রের গানেও কাজ করেছেন তিনি। বেশ কিছু চলচ্চিত্রে কণ্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয়েও নিজের পরিচিতি তৈরি করেছেন এই শিল্পী।