শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম দিকেই ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন। তাওহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরির পর ব্যাট হাতে আলো ছড়িয়েছেন লিটন দাসও। দুই ব্যাটারের জোড়া শতকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪০০ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সোমবার দ্বিতীয় দিনের সকালে ৪০০ রান করে অলআউট হয় বাংলাদেশ। আগের দিন ১৩৭ রানের অসাধারণ ইনিংস খেলে বিদায় নিয়েছিলেন তাওহিদ হৃদয়। অন্য প্রান্তে ৯২ রানে অপরাজিত থাকা লিটন দাস দ্বিতীয় দিনে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন।
১৭৯ বলের ইনিংসে ১২০ রান করেন লিটন। তাঁর ব্যাট থেকে আসে ১৪টি চার ও একটি ছক্কা। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক। মেয়ের জন্মদিনে পাওয়া এই সেঞ্চুরি উদ্যাপনের সময় বিশেষ বার্তাও দেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
এর আগে প্রথম দিনেই দলের বিপর্যয় সামাল দেন হৃদয় ও লিটন। ষষ্ঠ উইকেটে তাঁদের ২০৬ রানের জুটি বাংলাদেশকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। হৃদয় ২২৭ বল মোকাবিলা করে ১৩৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার ও একটি ছক্কা।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন কাগিসো রাবাদা। ৭০ রান দিয়ে পাঁচ উইকেট নেন এই পেসার। অন্যদিকে ডেন প্যাটারসন চার উইকেট শিকার করেন। তাঁদের দাপটে বাংলাদেশের শেষ চার উইকেট দ্রুত হারিয়ে যায়।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার এইডেন মার্করাম। মধ্যাহ্নবিরতিতে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ১৮ রানে ১ উইকেট। তখনও বাংলাদেশের চেয়ে ৩৮২ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের হয়ে বোলিংয়ে শুরুটা ভালো করেছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। তাঁদের সামনে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
প্রথম ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ এখন ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ পেয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে দ্রুত অলআউট করতে না পারলে ম্যাচে স্বাগতিকরা ঘুরে দাঁড়াতে পারে। ফলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্সই ম্যাচের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রথমে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার গতির মুখে পড়ে মাত্র ২২ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
এরপর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে তারা ৯৯ রানের জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের এটাই সবচেয়ে বড় রানের জুটি।
এর আগে ২০০২ সালে পচেফস্ট্রুমে হান্নান সরকার ও হাবিবুল বাশার ৮৪ রানের জুটি গড়েছিলেন, যা এতদিন সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল। ২৪ বছর পর সেই রেকর্ড ভাঙলেন তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবমিলিয়ে সর্বোচ্চ রানের জুটি জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের— ২০২৪ সালে মিরপুরে সপ্তম উইকেটে ১৩৮ রানের জুটি গড়েছিলেন তারা।
চলিত টেস্টের একটা পর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ১২১ রান। এরপর শূন্য রানের ব্যবধানে আউট হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম। তানজিদ ১০৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করলেও রানের খাতা খোলার সুযোগ পাননি মুশফিকুর রহিম। তিনি ব্যাটিংয়ে নেমেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার বিদায়ের মাধ্যমে ১২১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সবগুলো উইকেট একাই শিকার করেন কাগিসো রাবাদা।
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স সম্প্রতি এক পডকাস্টে বলেন, “বিশ্বের অন্যতম কঠিন সফর দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে ব্যাটারদের জন্য। বল শুধু বাতাসেই সুইং করে না, পিচে পড়ার পরও দিক পরিবর্তন করে। অনেক খেলোয়াড়ই এমন কন্ডিশনে অভ্যস্ত নয়। তাই পরিস্থিতি সামাল দেওয়া সত্যিই কঠিন।”
দক্ষিণ আফ্রিকায় সফরকারী দলগুলোর ঐতিহাসিক দুর্ভোগের চিত্রই তুলে ধরেছে তার এই মূল্যায়ন। সফরকারী দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া সবচেয়ে সফল। একমাত্র দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে তারা হারের চেয়ে বেশি টেস্ট জিতেছে। এমনকি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দলও দেশটিতে ধারাবাহিকভাবে আধিপত্য বিস্তার করতে পারেনি।তবে এশিয়ান দলগুলোর জন্য চ্যালেঞ্জটা আরও কঠিন।
খেলার পরিবেশের পার্থক্য এর অন্যতম প্রধান কারণ। উপমহাদেশের ব্যাটাররা সাধারণত ধীরগতির ও নিচু বাউন্সের উইকেটে খেলে থাকে। সেখানে বল স্বাচ্ছন্দ্যে ব্যাটে আসে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার উইকেটে প্রায়ই বাড়তি বাউন্স, গতি ও মুভমেন্ট থাকে। ফলে সফরকারী ব্যাটারদের পক্ষে উইকেটে থিতু হওয়া কঠিন হয়ে পড়ে।
বল ব্যাটারের শরীরের দিকে উঠে আসতে পারে। আবার পিচে পড়ার পর দিক পরিবর্তনের কারণে শট নির্বাচন এবং অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হয়। স্পিন খেলে এবং পা ব্যবহার করে ব্যাটিংয়ে অভ্যস্ত ব্যাটারদের টানা পেস বোলিং সামলাতে উল্লেখযোগ্য কৌশলগত পরিবর্তন আনতে হয়।
দক্ষিণ আফ্রিকার কয়েকটি ভেন্যুতে উচ্চতাজনিত পরিবেশও বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে। সফরের শুরুর দিকে শারীরিকভাবে ওই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সময় প্রয়োজন হয় সফরকারী খেলোয়াড়দের।
বিরাট কোহলির নেতৃত্বে শক্তিশালী টেস্ট দলে পরিণত হওয়ার পরও দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। পাকিস্তানের অবস্থাও একই। দেশটিতে কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি তারা। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের জয় মাত্র দুটি, যার সর্বশেষটি এসেছিল ২০০৬ সালে।