পর্দায় অন্তরঙ্গ দৃশ্য অভিনয়ের অংশ হলেও সেই দৃশ্য অভিনেতা বা অভিনেত্রীর অনুমতি ছাড়া বাইরে ছড়িয়ে পড়লে এর প্রভাব কতটা গুরুতর হতে পারে, সেই অভিজ্ঞতা রয়েছে বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর চার দিন তিনি বাড়ি থেকে বের হতে পারেননি বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এমনকি নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।
সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এর কাজ ও অন্তরঙ্গ দৃশ্যের শুটিং প্রসঙ্গে পুরোনো সেই অভিজ্ঞতার কথা বলেন রাধিকা আপ্তে। তিনি জানান, ক্যামেরার সামনে কোনো দৃশ্যে অভিনয় করার সম্মতি দেওয়া এবং সেই দৃশ্য অনুমতি ছাড়া প্রকাশ্যে ছড়িয়ে পড়ার অভিজ্ঞতা এক নয়।
রাধিকা বলেন, ‘আমি খুব ভয় পেয়েছিলাম। অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের ক্ষেত্রে অভিনেতার সম্মতি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরার সামনে কোনো দৃশ্য করার সিদ্ধান্ত এক বিষয়, আর সেই দৃশ্য অনুমতি ছাড়া বাইরে ছড়িয়ে পড়ার পর তার অভিঘাত সামলানো সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা।’
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ওই দৃশ্য ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছিল। তিনি কয়েক দিন বাড়ি থেকে বের হতে পারেননি। শুধু সামাজিক অস্বস্তি নয়, অচেনা কেউ তার বাসার সামনে চলে আসতে পারেন -এমন আশঙ্কাও তৈরি হয়েছিল।
রাধিকা জানান, বিষয়টি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার রূপটান শিল্পীর গাড়িচালকও ক্লিপটি দেখেছিলেন। এমনকি তার বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও সেটি পৌঁছে যায়।
এতে অভিনেত্রীর উদ্বেগ আরও বেড়ে যায়। কারণ, তিনি তখন একাই একটি ফ্ল্যাটে থাকতেন। পরিস্থিতি বিবেচনায় নিজের টিমের সদস্যদের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলতে হয় তাকে।
রাধিকা জানান, তিনি তার গাড়িচালক ও স্পটবয়কে ডেকে পুরো বিষয়টি জানান। তাদের কাছে তিনি জানতে চান, তারা যদি ওই ঘটনার পরও স্বচ্ছন্দে তার সঙ্গে কাজ করতে পারেন এবং প্রয়োজন হলে তাকে নিরাপত্তা দিতে পারেন, তাহলে যেন কাজ চালিয়ে যান। তারা দুজনই তাকে আশ্বস্ত করেছিলেন এবং পাশে থাকার কথা জানিয়েছিলেন।
ওই ঘটনার পর নিজের সিদ্ধান্ত নিয়েও একসময় অস্বস্তি ও লজ্জা বোধ করেছিলেন বলে জানান রাধিকা আপ্তে। তার ভাষ্য অনুযায়ী, পরিচালক অনুরাগ কাশ্যপও সে সময় তাকে ওই কাজ না করার পরামর্শ দিয়েছিলেন।
রাধিকার এই অভিজ্ঞতা আবারও সামনে এনেছে অভিনয়শিল্পীদের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তা ও সেটে নিরাপত্তার বিষয়টি। কোনো দৃশ্যের শুটিংয়ের সময় সম্মতি থাকলেও সেটি কীভাবে সংরক্ষণ, ব্যবহার ও প্রকাশ করা হবে। সেটিও যে সমান গুরুত্বপূর্ণ, তারই উদাহরণ হয়ে রয়েছে এই ঘটনা।
কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়েও গত কয়েক বছরে নতুনভাবে অভিজ্ঞতা হয়েছে রাধিকা আপ্তের। সন্তান জন্মের পর দীর্ঘ বিরতিতে না গিয়ে তিনি অভিনয়ে ফিরেছেন। মাতৃত্বের পর প্রথম কাজের প্রস্তুতির সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।
রাধিকা আপ্তে এর আগে ‘প্যাডম্যান’, ‘আন্ধাধুন’, ‘সেক্রেড গেমস’সহ বিভিন্ন চলচ্চিত্র ও ওয়েব প্রজেক্টে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। ‘লাস্ট স্টোরিজ’ ফ্র্যাঞ্চাইজিতেও তার কাজ দর্শকদের মধ্যে আলোচনায় এসেছে।