অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নিয়ে প্রচারণা চালানোর পর মূল্য পরিশোধ না করে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে দায়ের করা মামলায় নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রী তানজিন তিশা। তিনি বলেছেন, শাড়ি আত্মসাৎ বা প্রতারণার মতো কোনো ঘটনা তিনি ঘটাননি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বাড়ানোর আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন।
আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তানজিন তিশা বলেন, ‘মামলায় অনেকগুলো মিথ্যা কথা বলা হয়েছে। আমি শাড়ি আত্মসাৎ বা এটা নিয়ে প্রতারণা, এমন কিছুই করিনি।’
তিনি বলেন, ‘২৮ হাজার টাকার একটা শাড়ি নাকি আত্মসাৎ করেছি। আমার ১৫ বছরের ক্যারিয়ার। একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়।’
তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জামিন বর্ধিতের পরবর্তী তারিখ এবং মামলার চার্জ শুনানির তারিখ আদালত থেকে বিকেলে জানা যাবে।
মামলায় যে অভিযোগ
মামলার নথি সূত্রে জানা গেছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর সেটি ফেরত না দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, শাড়িটি নিয়ে প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পর তানজিন তিশা আর যোগাযোগ করেননি।
মামলাটি তদন্তের পর পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। পরে আদালত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই অভিনেত্রীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তানজিন তিশা।
‘আইনের প্রতি আমার বিশ্বাস আছে’
আদালতে হাজির হওয়ার বিষয়ে তানজিন তিশা বলেন, অনেকের মনে হতে পারে তিনি আবার আদালতে কেন এসেছেন। তার ভাষায়, আইনের প্রতি বিশ্বাস থেকেই তিনি আদালতে এসেছেন।
তিনি বলেন, ‘আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সে বিশ্বাস থেকে আমি আবারও আসছি এবং আমার যদি আরও পাঁচবার আসা লাগে, আমি আবারও আসব।’
তানজিন তিশা আরও বলেন, ‘দিনশেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা এদেশে বাঁচতে চাই এবং সত্যতা নিয়ে বাঁচতে চাই। কেউ যদি আইনের অপব্যবহার করে, আমি সেটা কোনোভাবে সাপোর্ট করি না।’
মামলার বাদীপক্ষের ভূমিকা নিয়েও মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘তারা দুই বোন এবং এটা আপনারা হয়তো জানেন না, তারা একটা সিন্ডিকেট।’
তবে তার বিরুদ্ধে করা মামলার অভিযোগ ও বাদীপক্ষের বক্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।
তানজিন তিশা বলেন, ‘আমি আসলে এত কমপ্লিকেটেড ওয়েতে চিন্তাই করতে পারি না। আমি শুধু জানি যে ক্ষমতার অপব্যবহার করা উচিত না। আমার কোনো ক্ষমতা নেই।’
মামলাটি এখন আদালতের বিচারিক প্রক্রিয়ায় রয়েছে।