ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু, মানবনিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনের এই সংলাপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সূচনা বক্তব্যের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এবারের আয়োজন চলবে ৩ থেকে ৫ অক্টোবর।
পঞ্চমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক সংলাপের এবারের প্রতিপাদ্য- ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’। অর্থাৎ, ‘পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা’।
বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরলেন প্রধানমন্ত্রী
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক সংস্কার, বিনিয়োগ, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, কৃষি, পানি ও পরিবেশ সুরক্ষা এবং রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারের বিষয় তুলে ধরেন।
একই সঙ্গে বঙ্গোপসাগরকে ঘিরে আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি। সংলাপ, অংশীদারত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
পাঁচটি প্রধান স্তম্ভে আলোচনা
এবারের সংলাপের আলোচনা পাঁচটি প্রধান স্তম্ভকে ঘিরে সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে – পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় ভূরাজনীতি, নিরাপত্তা ও কৌশলগত প্রতিযোগিতা; কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবারস্পেস ও তথ্যপ্রযুক্তির প্রভাব; বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন ভূগোল; জলবায়ু, স্থিতিস্থাপকতা ও মানবনিরাপত্তা; এবং আস্থা, গণতন্ত্র ও ভবিষ্যৎ সুশাসন।
আয়োজকদের মতে, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সংযোগস্থল হিসেবে বঙ্গোপসাগর এখন ভূরাজনীতি, বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, জলবায়ু ও সামুদ্রিক নিরাপত্তার আলোচনায় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই প্রেক্ষাপটে এই অঞ্চলের পরিবর্তিত বাস্তবতা ও বৈশ্বিক প্রভাব নিয়ে সংলাপটি আয়োজন করা হয়েছে।
শতাধিক দেশের প্রতিনিধির অংশগ্রহণ
সিজিএসের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের সংলাপে শতাধিক দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। থাকছেন সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক ও নিরাপত্তা বিশেষজ্ঞ, ব্যবসায়ী, বিনিয়োগকারী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক, প্রযুক্তিবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। সম্মেলনে প্রায় ২০০ বক্তা অংশ নিচ্ছেন।
আন্তর্জাতিক অঙ্গনের উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এবং মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা।
বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে সংলাপ
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বর্তমান বিশ্বে ভূরাজনৈতিক প্রতিযোগিতা, প্রযুক্তিগত পরিবর্তন, অর্থনৈতিক সম্পর্কের পুনর্বিন্যাস, জলবায়ু সংকট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর আস্থার প্রশ্ন একসঙ্গে নতুন বাস্তবতা তৈরি করছে। এসব পরিবর্তনের প্রভাব আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তার ওপর পড়ছে।
এই পরিবর্তিত বাস্তবতায় বিভিন্ন দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের একই প্ল্যাটফর্মে এনে মতবিনিময়ের লক্ষ্যেই ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ আয়োজন করা হচ্ছে। সিজিএসের মতে, সংলাপের মাধ্যমে নীতিগত ধারণা বিনিময় এবং আঞ্চলিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তিন দিনের এই আয়োজনে পূর্ণাঙ্গ অধিবেশন, নেতৃত্ব পর্যায়ের ফোরাম, কৌশলগত সংলাপ, বিশেষ আলোচনা, সাক্ষাৎকার ও তরুণ নেতৃত্বের ফোরামসহ বিভিন্ন পর্ব রয়েছে।
বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আঞ্চলিক সহযোগিতা, বৈশ্বিক শক্তির পরিবর্তন, প্রযুক্তির দ্রুত বিকাশ, অর্থনৈতিক পুনর্বিন্যাস, জলবায়ু ঝুঁকি এবং গণতন্ত্র ও সুশাসনের ভবিষ্যৎ – এসব বিষয়েই এবারের সংলাপে গুরুত্ব দিয়ে আলোচনা হবে।